২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইনের টাকা যোগাড়ে রেলওয়ে কর্মকর্তাকে খুন

হেরোইন সেবনের টাকা যোগাড় করতে রেলওয়ে কর্মকর্তা আবদুল হাই মজুমদারকে খুন করেন বলে সাংবাদিকদের বলেছেন চার ছিনতাইকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 12:54 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেরোইন সেবনের টাকা যোগাড় করতে রেলওয়ে কর্মকর্তা আবদুল হাই মজুমদারকে খুন করেন বলে সাংবাদিকদের বলেছেন চার ছিনতাইকারী। চার ছিনতাইকারী হলেন- মোহাম্মদ মুসা (৩৪), মোহাম্মদ সেলিম ওরফে বাইশ আঙ্গুল সেলিম (৩৮), মোহাম্মদ ফারুক (২২) ও শাহ আলম (২৮)। এদের কাছ থেকে পুলিশ দুটি বিদেশী ছুরি এবং খোয়া যাওয়া মানিব্যাগ উদ্ধার করেছে। বুধবার সকালে গ্রেপ্তার হওয়া নগরীর কোতয়ালী থানায় উপস্থিত সাংবাদিকদের তারা এ কথা জানান। রোববার রাতে নগরীর স্টেশন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে রেলওয়ের বাজেট অফিসার আবদুল হাই মারা যান। ছিনতাকারীরা জানান, খুন করতে না চাইলেও মানিব্যাগ দিতে না চাওয়ায় আবদুল হাইকে তারা ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যান। ওই কর্মকর্তা মারা যাওয়ার বিষয়টি তারা জানতেন না। ছিনতাই করা টাকা দিয়ে তারা স্টেশন রোড সংলগ্ন একটি কলোনিতে গিয়ে হেরোইন সেবন করেন। এই ঘটনায় পুলিশ মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর টাইগার পাস, জিইসি মোড় ও স্টেশন রোড এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সন্ধ্যায় টাইগারপাস এলাকা থেকে একটি ছুরিসহ মুসা ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গভীর রাতে স্টেশন রোড থেকে ফারুক এবং বুধবার ভোরে জিইসি মোড় থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।" গ্রেপ্তার মুছা জানান, হেরোইন সেবনের টাকা শেষ হয়ে যাওয়ায় এই ছিনতাই করেছেন। মুছা ও সেলিম পকেট কাটার অভিযোগে আগে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন। এদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৩৭ ঘ.