২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল

নরসিংদী রেলস্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

নরসিংদী, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী রেলস্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে আন্তনগর ট্রেন চট্টলা এক্সপ্রেস ও মহানগর গোধূলীর মধ্যে এই সংঘর্ষ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান। নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাস উদ্দিন ভূঁইয়া জানান, সংঘর্ষে একটি ট্রেন আরেকটি ট্রেনের ওপর ওঠে গেছে। এখন পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আমারা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।" তিনি জানান, চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলো। অন্যদিকে মহানগর গোধূলী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো। নরসিংদী রেলওয়ের কর্মকর্তাদের পাওয়া যাচ্ছে না। বিক্ষুব্ধ জনতা স্টেশন ঘেরাও করে রেখেছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধি জানান, স্থানীয়ভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা একশ'র মতো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নরসিংদী রেলস্টেশনের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস নরসিংদী স্টেশনে না দাঁড়িয়ে সরাসরি প্রধান রেলপথ হয়ে ঢাকা চলে যাওয়ার কথা ছিলো। অন্যদিকে মহানগর গোধূলী এই ট্রেনটিকে পাশ দেওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে ছিলো। কিন্তু সংকেত ভুল করায় একই লাইনে চট্টলা ট্রেনটি চলে আসে। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। দমকল বাহিনীর উপসহকারী পরিচালক দিলীপ কুমার বোসের নেতৃত্বে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে। দিলীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘণ্টা খানেকের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এলএইচ/এমএইচসি/এমএসবি/১৮০৩ ঘ.