ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ খান এলাকায় দুবৃর্ত্তদের গুলিতে নির্মাণ প্রতিষ্ঠানের দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছে।
বুধবার দুপুরে দক্ষিণ খান থানার সিটি কমপ্লেক্সের আইনুছ বাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নির্মাণ প্রতিষ্ঠান শাহজালাল টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের দুই নিরাপত্তাকর্মী হলেন- সেকান্দার হাওলাদার (৪০) ও তুলা মিয়া (৪৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ খান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদা না পাওয়ায় অথবা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
নির্মাণ প্রতিষ্ঠানটির প্রকৌশলী মাইনুল ইসলাম সাংবাদিকদের জানান, আইনুছ বাগ এলাকায় তাদের তিনটি প্লটে ভবন নির্মাণের কাজ চলছিলো। দুপুরে ৪-৫ জন যুবক সেখানে এলোপাথাড়ি গুলি করলে দুইজন আহত হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএ/১৬৪৩ ঘ.
bdnews24