সাভার, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানো নিয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় ছয়টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) দুটি ও আশুলিয়া এলাকার চারটি পোশাক কারখানায় এই অসন্তোষ দেখা দেয়। সরকার ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। এর মধ্যে একটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানাগুলো হচ্ছে ডিইপিজেডের পুরাতন জোনের কোরিয়ার মালিকানাধীন ইয়াং ওয়ান হাইটেক এন্ড স্পোর্টস লিমিটেড, নতুন জোনের ভারতীয় মালিকানাধীন আমরা এ্যাপারেলস, আশুলিয়ার জামগড়া এলাকার মদিনা এ্যাপারেলস লিমিটেড, ধনাইদ এলাকার জেনারেশন নেক্সট লিমিটেড, জামগড়ার শিমুলতলা এলাকার সোনিয়া সোয়েটার্স লিমিটেড ও জিরানী এলাকার গুলবানী গার্মেন্টস লিমিটেড।
পুলিশ জানায়, সরকারের ঘোষণা অনুযায়ী মজুরি কাঠামো বাড়লেও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানার কর্তৃপক্ষ তা মানছে না। তারা আগের বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন দিচ্ছে। এনিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ লেগেই রয়েছে।
পুলিশ জানায়, বেতন বড়ানোকে কেন্দ্র করে বুধবার সকালে ডিইপিজেডসহ আশুলিয়ায় ছয়টি পোশাক কারখানায় একযোগে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কারখানার ভিতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ জানান, শ্রমিকরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছে। তারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। তাছাড়া কারখানাগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে শ্রমিক অসন্তোষের মুখে জেনারেশন নেক্সট লিমিটেড নামের পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, "পোশাক কারখানায় যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে সে জন্যে পুলিশ তৎপর রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪২৮ ঘ.
bdnews24