২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু প্রশ্নে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করুন: বান

জাতিসংঘ মহাসচিব বান কি মুন জলবায়ু প্রশ্নে পারস্পরিক আস্থার ভিত্তিতে সমঝোতায় পৌঁছাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 07:33 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

তানিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন জলবায়ু প্রশ্নে পারস্পরিক আস্থার ভিত্তিতে সমঝোতায় পৌঁছাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। মেক্সিকোর কানকুনে জলবায়ু সম্মেলনের ১৬ তম অধিবেশনে মঙ্গলবার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বান কি মুন। এ সম্মেলন থেকে খুব বড় কোনো প্রত্যাশা নেই, সে বিষয়টিও স্পষ্ট করেন তিনি। তবে আগামী বছর সুষ্পষ্ট সিদ্ধান্তের জন্য এ সংক্রান্ত বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে বলে ইঙ্গিত দেন জাতিসংঘ মহাসচিব। গত ২৯ নভেম্বর কানকুনে জলবায়ু পরিবর্তন সম্মেলন শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। সরকারগুলোর একটি সমঝোতায় পৌঁছানোর দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে- এ বিষয়টি অংশগ্রহণকারীদের স্মরণ করিয়ে দেন বান। তিনি বলেন, "ছাড় দেওয়ার মানসিকতা ও সাধারণ স্বার্থের বিষয় বিবেচনা করে প্রতিনিধিরা সমঝোতায় পৌঁছাবেন বলে আমি প্রত্যাশা করছি।" প্রতিটি দেশ কেবল সাধারণ মানুষের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করেই আন্তরিকভাবে সমঝোতায় পৌঁছাবেন বলে মনে করেন বান। "এটা সীমিত দূরত্ব দৌড়ের প্রতিযোগিতা নয়। বরং এটা ম্যারাথন দৌড়", বলেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়টি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প সে বিষয়টিও বোঝানোর চেষ্টা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/কেএমএস/১৩২৩ ঘ.