২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

রাজবাড়ী সদর উপজেলার এক গ্রামে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 05:03 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

রাজবাড়ী, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলার এক গ্রামে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উপজেলার মূলঘর ইউনিয়নে ঝিনাইদহ গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি একই ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের পরশ মণ্ডলের ছেলে দবির মন্ডল (৩৫)। এলাকাবাসীর বরাত দিয়ে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ৯/১০ জনের একদল সশস্ত্র ডাকাত কোবাদ শেখের বাড়িতে ডাকাতি করে নগদ ৯২ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। তিনি বলেন, "তারা চলে যাওয়ার সময় গৃহকর্তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ সময় ডাকাতির মালামাল নিয়ে অন্যরা পালিয়ে যায়।" পুলিশ কর্মকর্তা মান্নান আরো জানান, খবর পেয়ে সকালেই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সদর থানায় একটি ডাকাতি ও একটি হত্যা মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫৫ ঘ.