নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার ছয়মাস পার হলেও বেশিরভাগ কারখানায় তা বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে নতুন মজুরি কাঠামো বাস্তাবয়নের দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের পুরাতন বার লাইব্রেরিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ দাবি করা হয়।
গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত নূন্যতম মজুরি কাঠামো ও শ্রম আইন বাস্তবায়ন এবং গার্মেন্টস শিল্পের অগ্রগতি শীর্ষক এই গোলটেবিল আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইতোমধ্যে সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি কারখানার নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।
সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো পাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামলে শিল্প পুলিশ নামিয়ে শ্রমিকদের পেটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বৈঠকে দ্রুত মজুরি কাঠামো বাস্তবায়ন, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, বিনামূল্যে যাতায়াত এবং শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনের অধিকারের দাবি জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল।
বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুল মতিন মাষ্টার, বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সহকারী শ্রম পরিচালক হাবিবা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিকেএমইএ সাবেক সহ-সভাপতি কাশেম জামাল, বিকেএমইএ পরিচালক গোলাম জাকারিয়া ভূঁইয়া, গার্মেন্টস শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম রনি, গার্মেন্টম শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সালাউদ্দিন স্বপন, গার্মেন্টস টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশন সভাপতি আবুল হোসেন প্রমুখ।
আবুল হোসেন বলেন, কোনো গার্মেন্টস মালিক আইন না মানলে সরকারের উচিত তা মানানো। কিন্তু উল্টো পুলিশ গার্মেন্টস মালিকদের পক্ষ নিয়ে শ্রমিকদের পেটায়।
রাজেকুজ্জামান রতন বলেন, নিয়মানুযায়ী সরকার যেদিন পে-কমিশন ঘোষণা করে সেদিন থেকেই তা কার্যকর হবে। কিন্তু শ্রমিকদের জন্য তিন মাস আগে নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেও তা বাস্তবায়ন না হওয়াটা অদ্ভুত ব্যাপার।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ইস্রাফিল আলম বলেন, গার্মেন্টসে শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কতগুলো মামলায় শ্রমিক নেতাদের সঙ্গে শ্রমিকরাও আসামি হয়েছে। সরকার শ্রমিকদের বিষয়টি বিবেচনা করছে। একটি মহল শিল্প পুলিশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যে, শিল্প পুলিশ মালিকপক্ষের হয়ে কাজ করবে। কিন্তু এটা ঠিক নয়। শিল্প পুলিশ মালিক ও শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.
bdnews24