ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকারের দেওয়া তিনটি বিমান নিয়ে মুক্তিযুদ্ধে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছেন বৈমানিকরা।
এসব বৈমানিকদের নাম ইতিহাসের খাতায় সোনার অক্ষরে লেখা থাকবে।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে বেঙ্গল শিল্পালয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিমানবাহিনীর বৈমানিকদের নিয়ে এক স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
ইতিহাস-ঐতিহ্য বিষয়ক সংগঠন একাত্তরের যাত্রী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকার বলেন, "১৯৭১ সালে নিজের জীবনকে তুচ্ছ করে বৈমানিকরা যুদ্ধ করেছেন।"
"ভারতের দেওয়া তিনটি বিমান নিয়ে মুক্তিযুদ্ধে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছেন তারা", বলেন তিনি।
এসব বৈমানিকদের নাম ইতিহাসের খাতায় সোনার অক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বৈমানিক শামসুল আলম বীর উত্তম স্মৃতিচারণ করে বলেন, "তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম বিমান বন্দরে অন্ধকার রাতে হামলা চালাই এবং সফল হই। এরপর সাহস বেড়ে যায় এবং বিভিন্ন স্থানে হামলা চালিয়ে মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করি।"
অপর বৈমানিক আলমগীর সাত্তার বীর প্রতীক বলেন, "জীবন বাজি রেখে মুক্তি সংগ্রামে অংশ নেই। তখন ভেবেছিলাম বৃদ্ধ বয়সে ধুকে ধুকে মরার চেয়ে যৌবনকালে যুদ্ধে গিয়ে মরা ভালো।"
"সেই ভাবনা থেকে যুদ্ধে অংশ নিয়েছিলাম", বলেন সাত্তার।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বৈমানিক আকরাম আহমেদ বীর উত্তম, সাহাব ইউ আহমেদ বীর উত্তম, একাত্তরের যাত্রী'র সভাপতি হারুন হাবীব, সাধারণ সম্পাদক খালেদ শামসুল ইসলাম ডলার, সদস্য শামীম আমিনুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২১৩২ ঘ.
bdnews24