২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডে নকল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

রাজধানীর মিটফোর্ডে ওষুধের একটি মার্কেট থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ওষুধ উদ্ধার করেছে র‌্যাব। ওই মার্কেটে নকল ওষুধের একটি কারখানারও সন্ধান পায় র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিটফোর্ডে ওষুধের একটি মার্কেট থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ওষুধ উদ্ধার করেছে র‌্যাব। ওই মার্কেটে নকল ওষুধের একটি কারখানারও সন্ধান পায় র‌্যাব। র‌্যাব সদস্যরা মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাবুবাজার ভূইয়া মেডিসিন মার্কেটে অভিযান চালিয়ে এই নকল ওষুধ উদ্ধার ও কারখানাটির সন্ধান পায়। র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো জয়দেব (২৫), উত্তম (২২) ও ইদ্রিস (২৯)। র‌্যাবের ম্যাজিস্ট্রেট এ বি এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূইয়া মেডিসিন মার্কেটের লক্ষী ড্রাগ হাউজ ও জয় কর্পোরেশন নামের দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার নকল ওষুধ উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। ম্যাজিস্ট্রেট পাশা বলেন, "জয়দেব ও ইদ্রিস দোকান দুটির মালিক। উত্তম কর্মচারী। ওই ভবনে তিন তলায় তারা বিভিন্ন নামকরা কোম্পানির ওষুধ নকল করে মোড়ক লাগিয়ে বাজারজাত করতো।" অভিযানে র‌্যাব ১০এর উপ-পরিচালক মেজর কিসমত হায়াত উপস্থিত ছিলেন। এর আগে সোমবার ঢাকার কেরানীগঞ্জের নজরগঞ্জে নকল ওষুধের একটি কারখানার সন্ধান পায় র‌্যাবের এই দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/কেএমএস/২১১১ ঘ.