সিলেট, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে মিনিবাস ও অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসা ছাত্রসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার জন।
মঙ্গলবার বিকালে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখে।
নিহতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুর টিকাপাড়া মাদ্রাসার ছাত্র গোপালগঞ্জের হাফিজ জাহেদ আহমদ (১৮) ও সিএনজিচালিত অটোরিকশাচালক বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামের নাহিদ আহমদ (২০)।
গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে জকিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
অটোরিকশাটি বিয়ানীবাজার থেকে সিলেট আসছিলো।
এসআই জানান, ঘটনাস্থলেই অটোরিকশা চালক নাহিদ মারা যান। আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জাহেদের মৃত্যু হয়।
আহতরা হলেন- আটোরিকশা যাত্রী সালাউদ্দিন (১৮), ফখরুল (১৬), ময়নুল (১৭) ও বাসযাত্রী সালমা বেগম (৩০)।
তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মোহাম্মদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24