২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবন থেকে ইট মাথায় পড়ে একজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে ইট মাথায় পড়ায় একজন কলা বিক্রেতা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে ইট মাথায় পড়ায় একজন কলা বিক্রেতা মারা গেছেন। তার নাম নুরে আলম (৩০)। যাত্রাবাড়ির কলাপট্টিতে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলাপট্টি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ওপর থেকে একটি ইট নুরে আলমের মাথার ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন আসমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নুরে আলম শনির আখড়া এলাকায় কলা বিক্রি করতেন। প্রতিদিনের মত তিনি মঙ্গলবার সকালে কলা কিনতে যাত্রাবাড়ি কলা পট্টিতে যান।" তিনি বলেন, "সকাল ১০টার দিকে লোক মারফত জানতে পারি নুরে আলমের মাথায় ইট পড়েছে। সে ঢাকা মেডিকেলে আছে।" নুরে আলম চার ভাই দুই বোনের মধ্যে তৃতীয়। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর গ্রামে। তার স্ত্রীর নাম কহিনুর বেগম। উজ্জ্বল নামে তার ছয় বছরের একটি ছেলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২০৪৬ ঘ.