ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথভুক্ত দেশগুলোর জেন্ডার সমতা বিষয়ক অগ্রগতি ও প্রতিবন্ধকতা পর্যালোচনায় দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকা শেরাটন হোটেলে 'কমনওয়েলথ জেন্ডার প্ল্যান অব একশন মনিটরিং গ্র"প' (সিজিপিএমজি)-এর ৭ম সম্মেলনের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কমনওয়েলথভুক্ত নয়টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
জেন্ডার সমতা বিষয়ে অগ্রগতি ও প্রতিবন্ধকতা পর্যালোচনায় ২০০৫ সালে কমনওয়েলথ জেন্ডার প্ল্যান অব একশন মনিটরিং গ্র"প একটি 'প্ল্যান অব একশন' গঠন করে। শিরীন শারমিন চৌধুরী ২০১০ সালের জন্য এর সভাপতি নির্বাচিত হন।
প্ল্যান অব একশন'র মেয়াদ ধরা হয়েছে ২০১০-২০১৫ সাল পর্যন্ত।
সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা শুধু সচিব এবং পরিচালক পর্যায়ে এই সম্মেলনকে সীমাবদ্ধ না রেখে মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সম্মেলন শেষে এ বিষয়ে একটি 'ঢাকা রিপোর্ট' তৈরী করা হবে। ওই রিপোর্টটি কমওয়েলথের মহাসচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে এর সদস্য দেশগুলোকে পাঠাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০১৭ ঘ.
bdnews24