দিনাজপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোপনের কয়েকদিন পর আলুবীজে পচন ধরায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি গ্রামের কৃষকরা বিক্ষোভ করেছে।
নিম্নমানের বীজের কারণে পচন ধরেছে অভিযোগ করে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা মঙ্গলবার সকালে বীরগঞ্জ-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে।
সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে বীরগঞ্জের দেবীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণও দাবি করেন।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও পুলিশ এসে চাষীদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত আলু চাষী মোজাহিদুল ইসলামসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের ৬২ জন কৃষক ৭৬ একর জমিতে হিমাদ্রি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আলুবীজ রোপন করেন।
রোপনের কয়েকদিন পর মাটির নিচে বীজ পচে যাচ্ছে। কোনো কোনো ক্ষেতে চারা বের হলেও মরে যাচ্ছে।
তারা দাবি করেন, বীজে পচন ধরায় গ্রামের আলুচাষীদের প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলুবীজগুলো পরীক্ষা করে দেখা গেছে নিম্নমানের হওয়ায় সেগুলোতে পচন ধরেছে।
তবে হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক সফিকুল ইসলাম বলেন, এগুলো নতুন জাতের বীজ। কৃষকরা এ জাতের আলুচাষের নিয়মাবলী যথাযথভাবে না মানায় বীজে পচন ধরতে পারে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, বিষয়টি তদন্ত করে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান হিমাদ্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাষীদের ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩১ ঘ.
bdnews24