খুলনা, ডিসেম্বর ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে নগরীর সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার খুলনা মেট্রােপলিটন পুলিশের (কেএমপি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. জুলফিকার হায়দার আলী।
মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলেও তিনি জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার লিটন নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা ফুলতলা উপজেলার পশু হাসপাতালের পাশে একটি মোবাইল ফোন অপারেটরের টাওয়ার থেকে ৪৮টি ব্যাটারি চুরি করে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদ পেয়ে এসআই মাহবুবুর রহমান ফোর্স নিয়ে তাদের অনুসরণ করতে শুরু করলে ট্রাক ফেলে তারা পালানোর চেষ্টা করে। অন্যরা পালিয়ে গেলেও লিটন পুলিশের হাতে ধরা পড়ে।
পরে থানায় নিয়ে যাওয়ার সময় বয়রার মিনার মসজিদের কাছে হাতকড়া পরা অবস্থায় পিকআপ ভ্যান থেকে লাফিয়ে পড়ে লিটন পালিয়ে যায়।
ব্যাটারি চুরি ও লিটনের পালিয়ে যাওয়ার ঘটনায় সোমবার পুলিশ ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২২ ঘ.
bdnews24