২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমার ওপর হামলা: আরো দুজন গ্রেপ্তার

বরগুনায় কলেজছাত্রী সুমা আক্তার হত্যা চেষ্টার মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

বরগুনা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় কলেজছাত্রী সুমা আক্তার হত্যা চেষ্টার মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করা হলো। মঙ্গলবার সকালে সদর উপজেলার খেজুরতলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অবশ্য আসামিরা দাবি করেছেন, তারা বরগুনা থানায় আত্মসমর্পণ করেন। এরা হলেন- সদর উপজেলার সাহেবের হাওলা গ্রামের আবদুল হাকিমের ছেলে আল আমিন (২৫) ও নুর মোহাম্মদের ছেলে সোহরাব হোসেন (৫২)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। দুপুরে তাদেরকে বরগুনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। রোববার রাতে গোয়েন্দা পুলিশ মহসিন সিকদারকে (৩০) ঝালকাঠি লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করে বরগুনা নিয়ে আসে। মহসিন ঘটবাড়িয়া গ্রামের আব্দুর রহিম সিকদারের ছেলে। পরদিন পুলিশ তাকে সাংবাদিকদের সামনে হাজির করার পর মহসিন বলেন, তিনি প্রেমে প্রত্যাখাত হয়ে সুমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন। শনিবার সকালে সদর উপজেলার ঘটবাড়িয়া আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুমা আক্তার (১৮) পরীক্ষা দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। মহসিন দা নিয়ে সুমা ও তার বাবা ইউনুস আলী হাওলাদারের ওপর হামলা চালায়। সুমার বাড়ি সাহেবের হাওলা গ্রামে। পুলিশ জানায়, মহসিনের দায়ের কোপে সুমার ডান পায়ের হাঁটুর নিচের অংশ প্রায় পুরোটাই কেটে গেছে। এছাড়া তার ডান হাতও কেটেছে। এ ঘটনায় ওইদিন রাতেই ইউনুস আলী বাদি হয়ে বরগুনা থানায় একটি মামলা করেন। বরগুনা থানার ওসি মো বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সকালে আমি নিজেই আসামি আল আমিন ও সোহরাবকে গ্রেপ্তার করেছি। মামলার তিন আসামিই ধরা পড়েছে।" তবে আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে আমরা থানায় আত্মসমর্পণ করেছি।" অপর আসামি সোহরাবও একই কথা জানান। এদিকে, গুরুতর আহত সুমাকে বরগুনা সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার পা জোড়া দেওয়া সম্ভব না হওয়ায় তাকে ঢাকায় ট্রমা সেন্টারে পাঠানো হয়। সুমার ফুফাত ভাই মোস্তাফিজুর রহমান বাচ্চু সাংবাদিকদের জানান, সুমার পায়ে তামার পাত দিয়ে জোড়া লাগানো হয়েছে। আরো কমপক্ষে চারবার অস্ত্রোপচার করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২৯ ঘ.