ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল সার্ভিস নীতিমালার আওতায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের কার্যক্রম ভবিষ্যতে দেশের ৪৭৬টি উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
জাতীয় যুব দিবস উপলক্ষে মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
আহাদ আলী সরকার বলেন, "বর্তমানে মাত্র তিনটি জেলাকে মডেল হিসেবে নিয়ে এ কর্মসূচি চালু করা হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ২৯৩ জন যুবক ও যুব মহিলাকে এ কর্মসূচির আওতায় নিয়োগ দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "প্রথম দফায় কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও বরগুনায় নিয়োগের পর দ্বিতীয় দফায় আরো ১৭ হাজার ৭২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।"
বুধবার বাংলাদেশে জাতীয় যুব দিবস পালিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব দিবসের কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের বিভিন্ন স্তরের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ওই অনুষ্ঠানে যুব পুরস্কার দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী যুব মেলার আয়োজন করা হবে। ধানমণ্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে ৯ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৮২৮ ঘ.
bdnews24