নাটোর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর সদর উপজেলায় বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ পাঁচজন মারা গেছে।
আহত হয়েছে আরো দুজন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে আছেন- অটোরিকশাচালক উসমান আলী (৩০), মাছ ব্যবসায়ী সিংড়ার আরিফুল ইসলাম (২৮), তার চাচা আরমান আলী (৩৮) ও সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের চাল ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫)।
এরা ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান অজ্ঞাতনামা আরো একজন।
সদর থানা পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে পাঁচ যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা সদর উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে ছিলো।
এ সময় বগুড়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় আহত হন মাহাতাব (৩৫) ও পরিতোষ ঘোষ (৫০) নামের দুজন।
তাদের প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বাসটি ঘটনাস্থলে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.
bdnews24