হবিগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কার্যালয়ে নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার পোদ্দারবাড়ি শহরতলী এলাকায় এলজিইডি কার্যালয়ের দুই নৈশ প্রহরীকে বেঁধে রেখে এ ঘটনা ঘটায় তারা।
এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অজ্ঞাত দুর্বৃত্তরা সংস্থাপন শাখার আলমারি ও ড্রয়ার ভেঙে বিভিন্ন কাগজপত্র তছনছ করে। তবে লুটপাট হয়নি।"
তিনি জানান, চারজনের একটি দল নৈশপ্রহরী শামীম ও কাজলকে অস্ত্রের মুখে গাছের সঙ্গে বেঁধে প্রধান ফটক ও দোতলার সংস্থাপন শাখার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নৈশ প্রহরীদের মুখে কাপড় গুজে মারধর করা হয়েছে বলেও জানান তিনি।
হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল বলেন, "এটা কোনো ডাকাতির ঘটনা নয়। দরপত্র নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭০৬ ঘ.
bdnews24