গাজীপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকালে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকাল ১০টার দিকে উপজেলার চৈতের বাজার গ্রামে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়ির ২০ গজ দক্ষিণে একটি বাঁশ ঝাড়ের ভেতরে লাল স্কচ টেপে মোড়ানো অবস্থায় ছিল চারটি তাজা বোমা। এলাকার শিশুরা ক্রিকেট বল ভেবে বোমাগুলো নিয়ে খেলতে শুরু করলে এক পর্যায়ে একটি বোমা বিষ্ফোরিত হয়।
তিনি বলেন, "এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাকী তিনটি বোমা উদ্ধার করে।"
বোমাগুলো নিস্ক্রিয় করতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২২৫ ঘ.
bdnews24