২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা যেতে এজেন্সি-দালালের সহায়তা নয়

সরকারি ব্যবস্থাপনায় কৃষি শ্রমিক হিসেবে কানাডায় যাওয়ার ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি বা দালালের সাহয্য না নিতে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ব্যবস্থাপনায় কৃষি শ্রমিক হিসেবে কানাডায় যাওয়ার ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি বা দালালের সাহয্য না নিতে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ বিষয়ে যেকোনো ধরনের তথ্য জানতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন বিভাগের পরিচালক সেলিম রেজার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের জন্য ফোন নম্বর ৯৩৩২৮৪৩। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো 'কানাডায় জনশক্তি রপ্তানি বিষয়ে সতর্কীকরণ' শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডা কয়েকদিন আগে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এরই প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঘোষণা দেন, প্রশিক্ষণের মাধ্যমে কানাডার চাহিদা উপযোগী কৃষি কর্মী তৈরি করে তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় সে দেশে পাঠানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। মন্ত্রীর ওই ঘোষণার পরই কয়েকটি রিক্রুটিং এজেন্সির দালালরা কানাডায় জনশক্তি রপ্তানির মিথ্যা আশ্বাস দিয়ে মাঠ পর্যায় থেকে টাকা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরণের প্রক্রিয়া থেকে জনগণকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কানাডার সাচকাচুয়ান প্রদেশের সাথে বাংলাদেশের জনশক্তি প্রশিক্ষণ ও রপ্তানি সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এটি এখনো চূড়ান্ত হয়নি। ২০১১ সালের জানুয়ারিতে ওই প্রদেশের প্রধানের বাংলাদেশ সফরের পর এ চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সরকারি মাধ্যমে কানাডায় জনশক্তি রপ্তানির সম্ভাবনা তৈরি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৯৪০ ঘ.