টাঙ্গাইল, ডিসেম্বর ০৬ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলে দু'টি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৫ জন।
সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল ও মির্জাপুরের দেওহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার দুটি কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট।
ডুবাইলের দুর্ঘটনায় মারা গেছেন ট্রাকচালক বাবুল মিয়া (৪৮) ও চাল ব্যবসায়ী খোরশেদ আলম (৪৫)।
তাদের দু'জনের বাড়িই ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামে।
গোড়াই মহাসড়ক থানার ওসি সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে ডুবাইল এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে টাঙ্গাইল থেকে ঢাকাগামী চাল বোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই চাল বোঝাই ট্রাকটির চালক বাবুল ও ব্যবসায়ী খোরশেদ মারা যান।
ওসি জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বিকাল ৩টার দিকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসে।
মির্জাপুর উপজেলার দেওহাটা সেতুর কাছে দুপুর আড়াইটার দিকে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সানোয়ার জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দু'পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৫ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৯ ঘ.
bdnews24