২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন হচ্ছে'

পার্শ্ববর্তী দেশগুলোর চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্শ্ববর্তী দেশগুলোর চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, "পার্শ্ববর্তী দেশগুলো যাতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সে লক্ষ্যে যোগাযোগ মন্ত্রণালয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ বাস্তবায়ন করছে।" চট্টগ্রাম-১০ আসনের সরকারদলীয় সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। একই লক্ষ্যে ভাটিয়াপাড়া-বেনাপোল সড়ক, বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড়-সাবরুম স্থলবন্দর সংযোগ সড়ক, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ককে জাতীয় মহাসড়ক এবং সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-চিনাইর-আখাউড়া-সেনারবাদি সড়ককে জাতীয় সহাসড়কে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিআরটিসি'র বিভিন্ন ডিপোতে ২১৬টি যাত্রীবাহী বাস অকেজো হয়ে পড়ে আছে। এর মধ্যে বেশ কিছু বাস আছে যেগুলো মেরামত করা হলে তা অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। যেগুলো অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে সেগুলো দ্রুত মেরামত করে সচল করার পরিকল্পনা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭৫২ ঘ.