ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কখনো মোবাইল ফোনে কথা বলা, কখনো এজলাসে আইনজীবীর আসনে বসে পড়া- আদালতে এসে আগের মতোই বেপরোয়া আচরণ করলেন হত্যামামলার আসামি ওসি রফিকুল ইসলাম।
কলেজছাত্র মোমিন হত্যামামলায় সোমবার হাজিরা দিতে গিয়ে ওসি রফিকের এ ধরনের আচরণের পর আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে সতর্ক করেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের আইন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এর আগেও হাজিরা দিতে এসে আদালতের বারান্দায় মোবাইল ফোনে কথা বলে সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ ওঠে রফিকের বিরুদ্ধে। বন্দি আসামি হয়েও হাতকড়া ছাড়াই স্ত্রীকে সঙ্গে নিয়ে আদালতপাড়ায় কাঁচাবাজারেও দেখা যায় তাকে।
সোমবার সকালে কারাগার থেকে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতে আনা হয় মতিঝিল থানার সাবেক ওসি রফিককে। হাজিরার ধার্য দিনে তার পাশাপাশি আন হয় মোমিন হত্যামামলার অন্য আসামি বাবু ও শীর্ষসন্ত্রাসী হাবিবুর রহমান তাজকে।
তবে সব আসামিকে হাজির না করায় বিচারক মো. রেজাউল ইসলাম আগামী ১২ ডিসেম্বর আবারো সব আসামির হাজিরার জন্য দিন ঠিক করে দেন। জামিনে থাকা আসামি মনির হাওলাদারের উপস্থিতির জন্য তার আইনজীবী সময় চাইলে বিচারক সে আবেদন মঞ্জুর করেন।
আদালতে এ মামলার কার্যক্রম শুরুর আগে ওসি রফিককে দেখা যায় বারান্দায় মোবাইল ফোনে কথা বলতে। তার হাতে হাতকড়াও ছিলো না। এক পর্যায়ে এজলাসে ঢুকে আইনজীবীদের আসনেই বসে পড়েন তিনি। এতে আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপরিদর্শক হাবিবুর রহমানকে ডেকে সতর্ক করে দেন।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ঢাকা কমার্স কলেজের ছাত্র ও জাসদ ছাত্রলীগ নেতা মোমিনকে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর তাদের উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে খুন করে সন্ত্রাসীরা। ওই খুনের তদন্তে ওসি রফিকের সম্পৃক্ততা পাওয়া যায়।
মামলাটি দ্রুত বিচার আদালতে পাঠানো হলেও বিচার শেষের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় তা গত ২৬ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ফেরত আসে।
বাদিপক্ষের আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য পুনরায় দ্রুত বিচার আদালতে পাঠালে তা ৪ নম্বর আদালতে আসে।
নথিপত্রে দেখা যায়, মামলাটিতে ৩ নম্বর দ্রুত বিচার আদালতে এ রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।
মামলার নয় আসামির মধ্যে তারেক ওরফে জিয়া, হাসিবুল হক জনি, মো. জাফর, শাখাওয়াৎ হেসেন জুয়েল ও শরীফ উদ্দিন পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫০০ ঘ.
bdnews24