ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ৩৬ নং মিন্টু রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান দপ্তরের একটি কক্ষে সোমবার আগুন লেগেছিলো।
দমকল বাহিনী জানিয়েছে, ডিবি অফিসের আলোকচিত্র শাখার কম্পিউটার কার্যালয়ে বৈদ্যুতিক গোলযোগ থেকে সকাল ৬টার দিকে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ডিবি অফিসের লোকেরা সকাল সাড়ে ৬টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে আধাপাকা কক্ষটির তিনটি কম্পিউটার, একটি স্ক্যানার মেশিন এবং তিনটি চেয়ারসহ অন্যান্য মালপত্র পুড়ে গেছে, যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১০৫১ ঘ.
bdnews24