২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবাজারে বিনামূল্যের ৯শ' পাঠ্যবই জব্দ

রাজধানীর বাংলাবাজারে অভিযান চালিয়ে রোববার রাতে পুলিশ অবৈধভাবে ছাপানো দ্বিতীয় শ্রেণীর বিনামূল্যের ৯শ' বাংলা পাঠ্যবই জব্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলাবাজারে অভিযান চালিয়ে রোববার রাতে পুলিশ অবৈধভাবে ছাপানো দ্বিতীয় শ্রেণীর বিনামূল্যের ৯শ' বাংলা পাঠ্যবই জব্দ করেছে। সেইসঙ্গে সূত্রাপুর থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন-গিয়াস উদ্দিন ও কাওসার। জব্দ করা এসব পাঠ্যবই ২০০৯ সালের বলে পুলিশ জানিয়েছে। বিনামূল্যের পাঠ্যবই নিয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য জাতীয় পাঠ্যপুস্তক ও টেক্সটবুক বোর্ড রোববার বাংলাবাজারে নকল বই উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যা সাড়ে আটটা থেকে এ অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিবির পাঠ্যপুস্তক বিতরণ ও সরবরাহের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী, সচিব ব্রজ ভৌমিক রঞ্জন প্রমুখ। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাবাজারের মীম প্রকাশনী ও স্বপ্নীল প্রকাশনীতে অভিযান চালিয়ে এনসিটিবি'র কর্মকর্তারা এসব পাঠ্যবই জব্দ করে। তিনি আরো বলেন, এই দুই প্রকাশনা সংস্থা সরকারি পাঠ্যপুস্তক সরবরাহ করে থাকে। কিন্তু তারা অবৈধভাবে এসব পাঠ্যবই ছেপে বাজারজাত করছিল। এবছর সরকার বিনামূল্যের পাঠ্যবই ২৪ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১ জানুয়ারি সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে। শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সরকার আগামী ১ জানুয়ারি দেশজুড়ে 'পাঠ্যপুস্তক উৎসব দিবস' পালন করবে। এ দিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব স্কুলে তিন কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২১ জন শিক্ষার্থীর মাঝে ২৩ কোটি ২০ লাখ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এলএইচ/কেটি/এইচএ/২২১৩ ঘ.