২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের গাড়ি লক্ষ্য করে বোমা

ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গাড়ি লক্ষ্য করে বোমা মেরেছে দুর্বৃত্তরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গাড়ি লক্ষ্য করে বোমা মেরেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে একটি বোমা মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাজাহান মণ্ডল বলেছেন, তিনি গাড়ি থেকে নামার পরপরই বোমাটি ফাটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। রাত সাড়ে ৭টার দিকে তারা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টার অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ঝিনাইদহ জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৭টার দিকে শিক্ষক শাহাজাহান মণ্ডল বিশ্ববিদ্যালয়ের পাশে শেখপাড়া বাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় তার গাড়ির পিছনে বোমাটি বিস্ফোরিত হয়। এই শিক্ষক আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম জানান, কারা বোমাটি ফাটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হবে। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, শাহাজাহান মণ্ডল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বোমার বিস্ফোরণ ঘটে। ড. শাহাজাহান মণ্ডল সাংবাদিকদের বলেন, "আমি গাড়ি পার্কিং করে নামার পাঁচ-সাত সেকেন্ডের ব্যবধানে বোমার বিস্ফোরণ ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে তা আমি জানি না।" বোমা ফাটানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন নিন্দা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৯ ঘ.