ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিকালে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি আলোচনা সভায় যোগ দেন।
১৯৮৫ সাল থেকে বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য দেশগুলো ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করে আসছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার বলেন, "দেশ থেকে দারিদ্র্য বিমোচনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। দারিদ্র্য বিমোচনের কথা বলে দাতা দেশগুলো থেকে অর্থ-কড়ি এনে অনেকে সংগঠন গড়ে তুলেছে। কিন্তু বাস্তবে তারা মানুষের দাবিদ্র্য বিমোচনে কাজ করছে না। ওই রকম নয়, সত্যিকার অর্থে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে হবে, যাতে মানুষের উপকার হয়।''
তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন দেলোয়ারসহ নেতৃবৃন্দ।
গত ১৮ নভেম্বর প্রধান বিচারপতির বাসভবনের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সোহেলসহ যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও বিএনপি মহাসচিবের ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ পবনকে আসামী করে মামলা করে পুলিশ। এরপর থেকে সোহেলসহ অন্যরা আত্মগোপনে ছিলেন।
হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক শফি বিক্রমপুরী, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫২ ঘ.
bdnews24