ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 'তহবিল স্থানান্তর' অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অভিযোগের ভালোভাবে তদন্ত হওয়া উচিত।
ইউনূসকে নিয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার পরস্পরবিরোধী বক্তব্যের সূত্র ধরে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে হাসিনা রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রাশিয়া, বেলজিয়াম ও জাপানে ১২ দিনের সফর শেষে ফেরার দুদিন পর এ সংবাদ আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
মঙ্গলবার নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে শান্তিতে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি ডলার নিয়ম বহির্ভূতভাবে অন্য তহবিলে সরানোর অভিযোগ তোলা হয়। গ্রামীণ ব্যাংক অবশ্য ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
শেখ হাসিনা বলেন, "গরীব মানুষের রক্ত চুষে বেশি দিন টেকা যায় না সেটাই প্রমাণিত হয়েছে। এই অভিযোগের ভালোভাবে তদন্ত হওয়া উচিৎ।"
"বাংলাদেশ অনেক কিছুতে দৃষ্টান্ত স্থাপন করে," উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "জনগণের টাকা নিয়ে ভোজবাজির খেলার এটাও একটা দৃষ্টান্ত। আমিও মনে করি অবশ্যই এর তদন্ত করা উচিৎ। কেন এটা হলো?"
'দরিদ্রদের দেখিয়ে শুধু টাকা আনা'
শেখ হাসিনা বলেন, "দরিদ্র মানুষকে ঋণ দিয়ে রক্ত চুষে খাওয়া। কোথাও তো দরিদ্র মানুষের উন্নয়ন হয়নি।"
"দরিদ্র মানুষকে দেখিয়ে শুধু টাকা নিয়ে আসা হয়েছে," উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "কেউ তো আর দারিদ্র্য থেকে উঠে আসেনি। দারিদ্র্যকে লালন-পালন করা হয়েছে। এই দারিদ্র্য দেখিয়ে বিদেশ থেকে টাকা আনা হয়েছে এবং তা নিজের কাজে লাগানো।"
"যেনো বাংলাদেশের মানুষ একটা গিনিপিগ। বাংলাদেশের মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করা হয়েছে। গরীব মানুষকে নিয়ে এই খেলা আমরা কখনোই সমর্থন করিনি। আমি এটা কখনোই সমর্থন করিনি। প্রতিবাদ করেছি," বলেন শেখ হাসিনা।
শুরুতে গ্রামীণ ব্যাংকে সরকারি শেয়ার ৬০ শতাংশ হলেও এখন তা ২৫ শতাংশে নেমে এসেছে- এ তথ্য তুলে ধরে বাংলা দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, "উনি (ইউনূস) পারলে সরকারকে শূন্য করতে চান। তবে সরকার সেটা হতে দেয়নি। অনেক বাড়াবাড়ি আছে। সরকার তা তদন্ত করে দেখবে কি না?"
জবাবে হাসিনা বলেন, "এটাকে এমনভাবে কব্জা করা হয়েছে, যেন এটা ব্যক্তি সম্পত্তি। এরও তদন্ত করা উচিৎ। গরিব মানুষ নিঃস্ব হচ্ছে। এখন অনেক কিছুই বেরিয়ে আসছে।"
"ভালো ভালো কথা বলে গরীব মানুষের রক্ত চুষে খাওয়া হচ্ছে," মন্তব্য করে প্রধানমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আপনারাও খুঁজুন। অনেক কিছু বেরিয়ে আসবে।"
সেনানিবাসের বাড়ির প্রতি খালেদা জিয়ার যে 'ভালবাসা' ড. ইউনূসেরও গ্রামীণ ব্যাংকের প্রতি সে রকম 'ভালবাসা'
bdnews24