সাভার, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত একটি তৈরি পোশাক কারখানার ৮১৯ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের এ মামলায় আশুলিয়ার জামগড়া এলাকার 'ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড' এর ১৯ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল।
তিনি বলেন, থানার এসআই শাহীন শাহ পারভেজ বাদি হয়ে শনিবার মধ্যরাতে মামলাটি দায়ের করেন।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- শামীম ভূইয়া (২৭), আবু তালেব (২৬), শামীম হোসেন (২৮), মাজহারুল ইসলাম (২৯), ফজলে আলম (২৭), লিটন (২১), মিজানুর রহমান (২৪), শাহাবুর রহমান (২৮), ফজলে আলম (২৫), হাবিবুর রহমান (৩৪), আতিক (২৩), আমিনুর রহমান (২৩), রুস্তুম আলী (২৫), মাসুকুর রহমান (২৬), আল-আমিন (২৪), আব্দুল আজিজ (৩০) এবং এনামুল হক (২২), মো. শিপন (২৩) ও আবু জাফর (২৫)।
এদের মধ্যে এনামুল, শিপন ও জাফরকে শনিবার গ্রেপ্তার করা হয়।
এসআই মোস্তফা কামাল জানান, মজুরি বৃদ্ধির দাবিতে ইউনির্ভাস নিটিং গামের্ন্টস লিমিটেড এর শ্রমিকরা বুধবার ও বৃহস্পতিবার কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। শনিবার সকালে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়।
তিনি বলেন, "শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ফটকে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা পাশের জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।
"পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।"
গ্রেপ্তারকৃত তিনজনকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে জানিয়ে এসআই কামাল বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭৩৫ ঘ.
bdnews24