হবিগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে সাবেক এক পোস্ট মাস্টার নিহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তালুগড়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. করম আলী (৯০) হবিগঞ্জ সদর উপজেলার তালুগড়াই গ্রামের বাসিন্দা এবং শায়েস্তাগঞ্জের সাবেক পোস্ট মাস্টার।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালুগড়াইতে মহাসড়কের পাশে করম আলী একটি গাছের নীচে বসে ক্ষেতে কৃষকের ধান কাটা দেখছিলেন।
মাসুক মিয়া বলেন, "বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গাছের বড় ডাল ভেঙ্গে করম আলীর মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৩ ঘ.
bdnews24