২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারকে 'না' জানালো বিএনপি

স্পিকারের সঙ্গে আলোচনার পরও সংসদে না ফেরার সিদ্ধান্তেই থাকলো বিএনপি এবং তা সংসদের প্রধানকে জানিয়েও দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 08:28 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের সঙ্গে আলোচনার পরও সংসদে না ফেরার সিদ্ধান্তেই থাকলো বিএনপি এবং তা সংসদের প্রধানকে জানিয়েও দিয়েছে তারা। রোববার বিকালে বসছে নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। দুপুরেই স্পিকার আব্দুল হামিদের সঙ্গে টেলিফোনে কথা বলে সংসদে না ফেরার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। একদিন আগেই স্পিকারের সঙ্গে আলোচনা করে রোববার দলীয় সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন বিএনপি নেতা, যদিও বাইরে দলের বিভিন্ন নেতার কথায় স্পষ্ট হয়, বিএনপি এ অধিবেশনেও যোগ দিচ্ছে না। ফারুক সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, "দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, পানি-বিদ্যুৎ-গ্যাসসহ জনসমস্যার বিষয়ে আমাদের দেওয়া মুলতবি প্রস্তাবগুলোর বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় আমরা সপ্তম অধিবেশনে আপাতত যোগ দিচ্ছি না।" "স্পিকারকে আমি বিরোধীদলীয় নেতার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কারণ গতকাল (শনিবার) স্পিকারের সঙ্গে আলোচনার সময়ে তিনি কিছু কথা আমাকে বলেছিলেন। আমি তা নেত্রীকে রাতে জানানোর পর তার সিদ্ধান্ত আজ জানালাম", বলেন তিনি। স্পিকারের আহ্বান উপেক্ষা করার বিষয়ে ফারুক বলেন, "এর আগেও স্পিকারের অনুরোধে আমরা সংসদে গিয়েছিলাম। কিন্তু তিনি কোনো কথা রাখেননি। সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, বিরোধীদলীয় নেতাকে তার ৩৮ বছরের বাস করা বাড়ি থেকে উচ্ছেদ ইত্যাদি বিষয়সহ আমাদের বিভিন্ন দাবি রয়েছে। "স্পিকার এ সব বিষয়ে কিছুই করতে পারছেন না। উপরন্তু এ সংক্রান্ত আমাদের মুলতবি প্রস্তাবগুলো আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে সংসদে গিয়ে কী হবে?" আপাতত না গেলেও মুলতবি প্রস্তাবগুলো নিয়ে আলোচনার সুযোগ পেলে সংসদে ফেরার বিষয়টি বিএনপি বিবেচনা করবে বলে বিরোধীদলীয় প্রধান হুইপ জানান। সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফউদ্দিন নিজান, রেহানা আখতার, রাশিদা বেগম হীরা, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, শাম্মী আখতার, নীলুফার চৌধুরী মনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২০ ঘ.