শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারে আক্রান্ত একটি পা কেটে ফেলা হয়েছে গত বছর। সেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে সারা শরীরে। তবুও হাসপাতালের বিছানায় শুয়ে বাঁচার স্বপ্ন দেখছে প্রাচুর্য্য পুরকায়স্থ (১৯)।
২০০৯ সালে ময়মনসিংহ কেবি কলেজ থেকে এইচএসসিতে এ প্লাস পাওয়া প্রাচুর্য্য ভর্তি হতে চায় বিশ্ববিদ্যালয়ে। শুরু করতে চায় একটি সুন্দর জীবন।
কিন্তু প্রাচুর্য্য জানে না যে, তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালের যন্ত্রণাবিহীন মৃত্যুর কক্ষে (প্যালেয়াটিভ কেয়ার সার্ভিস ইউনিট)। যেখানে শেষ ঠিকানা একমাত্র মৃত্যু।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্যালেয়াটিভ কেয়ার সার্ভিস ইউনিটে এ ধরনের ৭ জন রোগী ভর্তি রয়েছে। তারা অনিরাময় জটিল রোগে আক্রান্ত। কিছু দিনের মধ্যেই তাদের নিশ্চিত মৃত্যু হবে। তবে সেই মৃত্যুকে যন্ত্রণাবিহীন করার জন্যই এই রোগীদেরকে এখানে ভর্তি করা হয়েছে।
প্রাচুর্য্যর মা নমিতা রানী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একমাত্র সন্তান হয়ত কিছুদিনের মধ্যে মারা যাবে। প্রথমে পায়ে ক্যান্সার হওয়ায় পা কেটে ফেলতে হয়েছে। সেই ক্যান্সার এখন মেরুদণ্ডসহ সারা শরীরে ছড়িয়ে পরেছে। প্রাচুর্য্যর যন্ত্রণা লাঘবে এখানে নিয়ে আসা। হাসপাতালের ওয়ার্ডের চেয়ে এখানে প্রাচুর্য্য ভাল আছে।"
ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত রোগীদের যন্ত্রণাবিহীন জীবনাবসান নিশ্চিত করতে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্যালেয়াটিভ কেয়ার সার্ভিস ইউনিটের উদ্বোধন করা হয়। দেশে এই প্রথম এ ধরনের সার্ভিস ইউনিটের যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সাথে বিএসএমএমইউর ৫ বছর মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং মেট্রোপলিটন রোটারী ক্লাবের সভাপতি ওয়াকার এ চৌধুরী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে মেট্রোপলিটন রোটারী ক্লাব ১৫ শয্যা বিশিষ্ট নবগঠিত বিশ্ববিদ্যালয় প্যালেয়েটিভ কেয়ার সার্ভিস ইউনিট, রোগীর ওয়ার্ড, ক্লাসরুম ও পাঠাগার আধুনিকায়নে সহযোগিতা করবে। এছাড়া এ চুক্তি মোতাবেক রোটারী ক্লাব আগামী ৫ বছর এই ইউনিটের ৬০ ভাগ বিছানার ভাড়া এবং রোগীর ওষুধপত্রের ব্যয়ভার বহন করবে।
অনুষ্ঠানে উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, "অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত রোগীদের ভালবাসা দিয়ে বিদায় দেওয়ার জন্যই এ ইউনিট চালু করা হয়েছে। শেষ সময়টুকু যেন শান্তিতে পরিবারের সবার সাথে থাকতে পারে সেই ব্যবস্থা এখানে করা হচ্ছে।
এই সার্ভিস প্রকল্পের সমন্বয়কারী অধ্যাপক ডা. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শারীরিক ও মানসিক শান্তি নিশ্চিত করতে এ সার্ভিসের শুরু। এমনকি রোগীদের শেষ ইচ্ছাও যথাসাধ্য পূরণ করার চেষ্টা করা হচ্ছে। যারা ভাগ্যের কারণে সমাজ থেকে আলাদা হয়ে গেছে তাদের শেষ মুহূর্তগুলো একটু শান্তিতে কাটানোর জন্যই এ সার্ভিস।
ক্যান্সার, এইডস, পক্ষাঘাতগ্রস্থ শয্যাশায়ী রোগী যারা ভাল হবার নয়, এ সেবার মাধ্যমে তাদের জীবনের গুণগত মান বৃদ্ধি করা যায়। এবং পরিশেষে একটি বেদনাহীন, কষ্টহীন মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি হয়।
শুধু শারীরিক নয়, মানসিক শান্তি দেওয়ার জন্যও কাজ করছে এ সার্ভিস। ক্যান্সারে আক্রান্ত শুকুর আলীর শেষ ইচ্ছা অনুযায়ী তার স্ত্রীকে একটি সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছে। স্ত্রী সেলাই করে জীবন নির্বাহ করতে পারবে সেই ভরসা রেখে মৃত্যুর প্রহর গুনছে শুকুর আলী।
যশোরের চৌগাছার ক্যান্সারে আক্রান্ত স্কুল শিক্ষক রবিউল ইসলাম, ক্যান্সারে আক্রান্ত বরিশালের মো. সানোয়ারসহ ৭ জন এখানে ভর্তি আছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা। তারা এখন মৃত্যুর অপেক্ষায় রয়েছেন। চিকিৎসকরা বলছেন, এই মৃত্যু হবে যন্ত্রণাবিহীন।
এই সার্ভিস ইউনিটের মেডিকেল অফিসার ফারজানা খান ও রোগীর আত্মীয় স্বজনরা অভিযোগ করে বলেন, এ ধরনের রোগীদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ মরফিন ট্যাবলেট সময় মতো পাওয়া যায় না। ১০ টাকা মূল্যের ওষুধ কিনতে হয় ৩০০ টাকা দিয়ে।"
তারা প্রয়োজনীয় ওষুধপত্র সহজলভ্য করার জন্য কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
প্রাথমিকভাবে ১৫ শয্যা বিশিষ্ট এ ইউনিটে ৯ শয্যার ভাড়া এবং ওষুধপত্রের ব্যায় বহন করবে রোটারী ক্লাব। জটিল ও অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত রোগীরা এখানে ১২০ টাকা দিয়ে ভর্তি হতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬৫৭ ঘ.
bdnews24