২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দেড় হাজার নার্স নিয়োগ দেবে সরকার

সরকারি হাসপাতালগুলোতে আরো দেড় হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী আফম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হাসপাতালগুলোতে আরো দেড় হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী আফম রুহুল হক। সেইসঙ্গে দেশের সব জেলায় সদর হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন করা হবে বলেও জানান তিনি। শনিবার মাদারীপুর সদর হাসপাতালের কনফারেন্স কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে মন্ত্রী এ কথা জানান। এর আগে তিনি মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সদর হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। রুহুল হক বলেন, "আমরা ইতিমধ্যে তিন হাজার ডাক্তার ও সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দিয়েছি। আগামী তিন-চার মাসের মধ্যে দেশের সব হাসপাতালে আরো দেড় হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।" চিকিৎসা সেবার উন্নয়নে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকগুলোতেও নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জম্মনিয়ন্ত্রণ করতে না পারলে কোনো সেবাই কাজে আসবে না। তিনি আরো জানান, মাদারীপুর সদর হাসপাতালকে ১০০ বেড থেকে ২৫০ বেডে উন্নীত করা হবে। এ লক্ষ্যে দ্রুত কাজ শুরু করার জন্য পিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শশী কুমার সিংহ, পুলিশ সুপারিনটেনডেন্ট সরদার তমিজউদ্দিন আহমেদ, সিভিল সার্জন আবু বকর মোল্লা, পৌর মেয়র চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬০০ ঘ.