ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার যানজট নিরসনে ছয়টি প্রস্তাব তুলে ধরে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন ইসহাক দুলাল নামে এক ব্যক্তি, যিনি নিজের সম্পর্কে কোনো কিছু বলতে রাজি হননি।
ইসহাক ব্যক্তি উদ্যোগে 'ঢাকা যানজট নিরসন' কমিটি নামে একটি কমিটি গঠনের কথা সংবাদ সম্মেলনে জানান।
কমিটি কবে গঠন করা হয়েছে- বারবার জানতে চাওয়ার পর ইসাহাক বলেন, শুক্রবারই সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। তবে সম্মেলনে উপস্থিত ছিলেন পাঁচজন।
যানজট নিরসনে সরকারকে ছয়টি প্রস্তাব দিয়েছেন ইসহাক। এগুলো হলো- ঢাকা শহরের চারপাশের নদীগুলোকে সংস্কার করে স্পিড বোট, ওয়াটার বাস ও লঞ্চ চালু, নদী ঘেঁষে মিনি রেলপথ স্থাপন, মিনি রেলপথ ঘেঁষে রিং রোড তৈরি, মূল শহর থেকে বাস ও রেল স্টেশন স্থানান্তর এবং একই স্থানে কারাগার ও আদালত ভবন স্থাপন।
ইসহাক বলেন, "যানজট নগর জীবনের একটি মহাসমস্যা। দ্রুত এই সমস্যার সমাধান না করলে জনদুর্ভোগের কমতি থাকবে না।"
সংবাদ সম্মেলনে উপস্থিত 'কমিটির' সদস্য সচিব জালালউদ্দিন আহমেদ, সদস্য এমএ ওহাব, ওবায়দুল হক ও হারুন রেজা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24