ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো ঢাকার চকবাজার এলাকায় চারতলা একটি বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লেগে কয়েকটি প্লাস্টিক কারখানা ও আবাসিক ঘর পুড়ে গেছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। আগুনে প্রাথমিকভাবে ৪২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোর ৪টার দিকে চক বাজার থানার পূর্ব ইসলামবাগের মাওয়ার টেকে (এরশাদ কলোনি) দেলোয়ারের বাড়িতে আগুন লেগে যায়।
দমকলকর্মীরা জানায়, বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুততার সঙ্গে তৃতীয় তলার প্লাস্টিক কারখানা ও বাসিন্দাদের ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় বাড়ির লোকজন ও কারখানা শ্রমিকরা ছুটাছুটি করে নিচে নেমে আসে। বাড়ির নিচতলায় আগুন লাগেনি বলে জানায় দমকল কর্মীরা।
প্রায় আধাঘণ্টা পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৬টার দিকে দমকলের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।"
স্থানীয়রা জানায়, দেলোয়ার ও তার তিন ভাই যৌথভাবে চারতলা ওই বাড়িটির মালিক।
বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় লোকজনের থাকার ব্যবস্থাসহ ছোট কয়েকটি প্লাস্টিক কারখানা রয়েছে। নিচতলায় রয়েছে কয়েকটি দোকান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসিএইচ/জেবি/এমআই/১৩২০ ঘ.
bdnews24