২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসবাবপত্র দ্বিতীয় দিনের মতো সরাচ্ছেন খালেদা

মইনুল সড়কের বাড়ি থেকে আগের দিনের মতো শনিবারও আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 05:07 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মইনুল সড়কের বাড়ি থেকে আগের দিনের মতো শনিবারও আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন খালেদা জিয়া। দুই ভাই সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রীর তদারকিতে সকাল সাড়ে ৯টা থেকে মালামাল সরিয়ে নেওয়া শুরু হয় বলে খালেদার এক কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ঢাকা সেনানিবাসের ওই বাড়ি থেকে শুক্রবার বেশ কিছু মালামাল সরিয়ে বারিধারায় একটি ভাড়া বাড়িতে তোলা হয়। ওই বাড়ির মালিক বিএনপি নেতা আব্দুল কাইয়ুম। কিছু মালামাল রাখা হয় ধানমণ্ডিতে তারেক রহমানের শ্বশুরবাড়িতে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ওই কৌঁসুলি বলেন, বারিধারার বাড়িতে সঙ্কুলান না হওয়ায় আজ (শনিবার) আসবাবপত্র বারিধারায় সাঈদ, গুলশানে শামীম এবং ধানমণ্ডিতে তারেকের শ্বশুরবাড়িতেও তোলা হবে। ৩৮ বছর পর মইনুল সড়কের বাড়ি ছেড়ে এখন গুলশানে ভাই শামীমের বাড়িতে থাকছেন খালেদা। মইনুল সড়কের বাড়ি থেকে শুক্রবার একটি পাজেরো জিপসহ পাঁচটি গাড়ি সরিয়ে গুলশানে ভাই এবং ধানমণ্ডিতে ছেলের শ্বশুরবাড়িতে নেওয়া হয়। গত ১৩ নভেম্বর খালেদার ওই বাড়ির দখল বুঝে নেয় সেনানিবাস বোর্ড। হাইকোর্টের দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সেদিনই বাড়ি ছাড়তে হয় খালেদাকে। খালেদা বর্তমানে গুলশানে তার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় থাকছেন। আইনি লড়াইয়ে হারার কারণে ৩৮ বছর পর সেনানিবাসের ওই বাড়ি ছাড়েন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা। বিএনপি চেয়ারপারসনের অভিযোগ, ১৩ নভেম্বর তাকে জোর করে বের করে দেওয়া হয়। তবে সামরিক বাহিনী বলেছে, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় বাড়ি ছাড়েন খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০৪ ঘ.