গাজীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে একটি সোয়েটার কারখানা ভাংচুরের ঘটনায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪শ' শ্রমিককে আসামি করে একটি মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ।
পুলিশ বৃহস্পতিবার রাত ও শুক্রবার ২৮ শ্রমিককে গ্রেপ্তার করেছে।
উৎপাদন বোনাস নিয়ে উপজেলার বাড়ৈপাড়া এলাকার হেচং সোয়েটার কারখানায় বৃহস্পতিবার রাতে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে টিয়ারসেল ও ফাঁকা গুলি করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় রাতেই কারখানার মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা নাজমুল আলম বাদি হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অভিযোগে বলা হয়েছে- ভাংচুরের কারণে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান ২৮ শ্রমিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24