চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের কোনো একসময় অনুষ্ঠিতব্য উপদেষ্টা কমিটির বৈঠকে চট্টগ্রাম বন্দর থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বৈঠকটি হবে উপদেষ্টা কমিটির বৈঠক।
শাজাহান খান বৃহস্পতিবার বলেন, "কমিটির সব সদস্য চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি ভালোর পক্ষে মত দিলে যেকোনো সময় সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।"
চট্টগ্রাম বন্দর রেস্ট হাউজে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এসময় নৌমন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্থ অপারেটর নিয়োগে জটিলতার জের ধরে শ্রমিক বিক্ষোভ হলে গত ১২ অক্টোবর বন্দরে সেনা মোতায়েন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বন্দরের পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো দাবি করে বলেন, "বর্তমানে বন্দরের জেটিতে জাহাজের গড় অবস্থানকাল তিনদিনে নেমে এসেছে।"
বন্দরের কাজে সরকার ও মন্ত্রণালয় সন্তুষ্ট বলে জানান মন্ত্রী।
বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ অচিরেই শুরু হবে উল্লেখ করে শাজাহান খান বলেন, "ইতিমধ্যে দরপত্র সম্পন্ন হয়েছে। চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। তা মূল্যায়ন শেষে দ্রুত যোগ্য বিবেচিত প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে।"
বন্দরে নতুন নির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) দরপত্রের ভিত্তিতে দ্রুত অপারেটর নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি সাংবাদিকদের।
নতুন যন্ত্রপাতি কেনা প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ সাংবাদিকদের বলেন, "ট্রানজিটকে সামনে রেখে চলতি অর্থবছরে বন্দর নতুন যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র ডাকা হয়েছে। অচিরেই তা বন্দরের বহরে যুক্ত হবে।"
ট্রানজিট প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, "চট্টগ্রাম ও মংলা বন্দরকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের আওতায় আনার কাজ চলছে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের ট্রানজিট ফি বন্দর কর্তৃপক্ষই নির্ধারণ ও আদায় করবেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩০৮ ঘ.
bdnews24