বাগেরহাট, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং তার তিন সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
যাবজ্জীবন দণ্ডিতদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন।
মৃত্যুদণ্ড হয়েছে জামাল মোল্লার (৪২)। জামাল বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের নজির মোল্লার ছেলে।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন, উপজেলার কোদালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কোদালিয়া গ্রামের হেদায়েত মোল্লা (৪০), একই গ্রামের মোতাহার মোল্লা ওরফে মোতাস্সিন (৪৬) ও বায়েজিদ মোল্লা (৩৫)।
রায় ঘোষণার সময় বায়েজিদ ছাড়া দণ্ডিত সবাই কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন।
নিহত পারভীন আক্তার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আক্তার শেখের মেয়ে। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৮ এপ্রিল রাতে জামাল মোল্লা অপর আসামিদের সহযোগিতায় তার স্ত্রী পারভীনকে মারধর ও জবাই করে হত্যা করে।
পরদিন জামাল মোল্লা নিজে প্রতিপক্ষের বিরুদ্ধে মোল্লাহাট থানায় হত্যা মামলা করে।
পরবর্তীতে ২৩ এপ্রিল পারভীনের ভাই মো. জাহিদ শেখ জামালকে আসামি করে আদালতে আরেকটি মামলা করেন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন একই বছরের ৩১ অক্টোবর এই চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24