ঠাকুরগাঁও, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে শুক্রবার।
চলতি বছর এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ২৫ ভাগ।
আখ সংকট না হলে ৯০ দিন চিনিকলটি চালু থাকবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কারখানার ৫৩তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
অনুষ্ঠানে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রণজিত কুমার বিশ্বাস উপস্থিত থাকবেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ সরকার সাংবাদকিদের জানান, আখের যে অবস্থা তাতে চিনি আহরণ হার কম হবে। আহরণ হার ৬ দশমিক ৫ ভাগ হলে চিনি উৎপন্ন হবে সাড়ে ৬ হাজার মেট্রিক টন।
তিনি আরো জানান, চিনিকলটি ৫৩ বছরের পুরনো যন্ত্রপাতি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এর বেশির ভাগ যন্ত্রপাতি জরাজীর্ণ। সে কারণে প্রতিবছরই হঠাৎ হঠাৎ মিলটি বন্ধ হয়ে যায়। দক্ষ জনবল ও পরীক্ষাগারসহ আরো কিছুসংকট রয়েছে।
এছাড়া কারখানা এলাকায় আখ থেকে গুড় তৈরি করা হয়। এতে প্রতিবছর আখ সংকটের কারণে নির্ধারিত সময়ের আগেই চিনি কলটি বন্ধ হয়ে যায়।
ব্যবস্থাপনা পরিচালক জানান, এ বছর চিনিকল কর্তৃপক্ষ চাষীদের মাঝে ৫১টি কেন্দ্রে প্রায় সাত কোটি টাকা ঋণ বিতরণ করেছে। বাড়ানো হয়েছে আখের দাম।
এবছর কারখানা ফটকে ৪০ কেজি আখের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮ টাকা ৯৫ পয়সা এবং গ্রাম পর্যায়ের কেন্দ্রে ধরা হয়েছে ৮৬ টাকা ৮১ পয়সা।
দাম বাড়ানোর ফলে কৃষকরা এবছর চিনিকলে আখ বিক্রি করতে উৎসাহিত হবে বলে তিনি আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৬ ঘ.
bdnews24