দিনাজপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিক ধর্মঘট বুধবার পঞ্চম দিনের মতো চলছে। শ্রমিকরা বৃহস্পতিবার থেকে অবরোধের হুমকিও দিয়েছে।
পাঁচ শ্রমিক ছাঁটাই আদেশ এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা খনির বাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।
ধর্মঘটের কারণে খনিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। তবে শ্রমিক এবং খনি কর্তৃপক্ষ নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার আন্দোলনরত শ্রমিকরা স্থানীয়দের সঙ্গে আলোচনা করেছে। তাদের সমর্থনে বৃহস্পতিবার মধ্যপাড়া কঠিন শিলা খনির গেটে অবস্থান ও খনি ক্যাম্পাস অবরুদ্ধ করা হবে।
বুধবার মধ্যপাড়া খনি সংশ্লিষ্ট হরিনামপুর ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে মেহেদী জানান।
অন্যদিকে মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খনি শ্রমিকরা অবৈধভাবে কর্মবিরতি পালন করছে। যা রাষ্ট্রীয় আইনকানুন, নিয়মনীতি ও শৃঙ্খলা পরিপন্থী। কর্মকর্তাদের কাজে যোগদানে বাধা, হুমকি প্রদান এবং লাঞ্ছিত করার ঘটনায় নেতৃত্বদানকারী ৫ খনিকর্মীকে তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান মেসার্স ব্লু-স্টার সার্ভিসেস উচ্ছৃঙ্খলতা ও অসদাচরণের জন্য ২৫ নভেম্বরে চাকরি থেকে প্রত্যাহার করে নেয়। ওই পাঁচ জন ছাড়া অন্যদের কাজে যোগদানে কোনো বাধা নেই।
ব্লু-স্টার সার্ভিসেস লিমিটেড এর প্রধান লিয়াজোঁ কর্মকর্তা সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ৫ শ্রমিকের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষ তাদের বাড়ির ঠিকানায় ডাকযোগে চাকরি থেকে অব্যাহতিপত্র পাঠিয়েছে। বিষয়টি খনি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.
bdnews24