বাগেরহাট, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সহকারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোর ৬টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের শ্রীরামপুর নামক স্থানের ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো একজন।
নিহতরা হলেন- ট্রাকটির সহকারী বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে বশির হাওলাদার (২৬) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাছবাড়ি গ্রামের মো. রফিকুল ইসলাম দাড়িয়া (৫০)।
ময়না তদন্তের জন্য তাদের লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহত শিবপদ দাস (৫৫) স্থানীয় শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল ইসলামের মালামাল নিয়ে ট্রাকটি বরগুনার পাথরঘাটা থেকে ঢাকায় যাচ্ছিলো। পথে শ্রীরামপুর এলাকায় ট্রাকটি পথচারী শিবপদকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
তিনি বলেন, "এ সময় ট্রাকের সামনে বসে থাকা রফিকুল ঘটনাস্থলে মারা যান। গুরুতর বশির ও পথচারী শিবপদকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বশির মারা যান।"
এসআই নজরুল জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এজে/১৪৩৫ ঘ.
bdnews24