ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরের আফতাবউদ্দিন হত্যামামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল্লাহ আবু বলেছেন, মামলাটি কিভাবে পুরো প্রত্যাহারের আদেশ হলো তা তিনি জানেন না।
মো. আবদুল্লাহ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি ওসমান গনি আওয়ামী লীগের রাজনীতি করেন বলে শুধু তাকে বাদ দেওয়ার শুনানি করেছেন তিনি। পুরো মামলা কিভাবে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো তা তিনি জানেন না।
বিকালে সরকারি আইনজীবীদের কার্যালয়ে গিয়ে মামলা পুরো প্রত্যাহারের বিষয়টি জানতে চাওয়া হয়। ওই আদালতের বিশেষ কৌশুলি আবদুল আলী ফকির মানিক জানান, বিষয়টির জন্য তিনি দুঃখিত।
প্রত্যাহারের বিষয়ে ওই কৌশুলিকে দায়ী করেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবদুল্লাহ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি পুরো মামলা প্রত্যাহারের জন্য আদালতে শুনানি করেননি। সব আসামির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য শুনানিও তিনি করেননি। কিভাবে পুরো মামলাটিই প্রত্যাহারের জন্য আদেশ দেওয়া হয়েছিল তিনি বলতে পারবেন না।
এদিকে বিশেষ কৌশুলি আবদুল আলী ফকির মানিক জানান, শাহাদাতের আইনজীবী এমদাদ হোসেন এবং ওই আদালতের পেশকার এ কাজ করেছে।
২০০৫ সালের ২৫ ডিসেম্বর মিরপুর ২ নম্বর সেকশনের নিজের বাসার কাছে গুলি করে করে সন্ত্রাসীরা। ২৮ ডিসেম্বর তিনি পান্থপথের বেসরকারি এক হাসপাতালে মারা যান। আফতাবউদ্দিন মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় আফতাবের ভাই আফরোজ উদ্দিন শাহাদাত, তার বাহিনী এবং অন্য ১৩ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় প্রত্যাহারের শুনানির সময় ৩ অক্টোবর তারিখে সন্ত্রাসী শাহাদত, খোরশেদ আলমসহ অপর পলাতক ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের কৌশুলি আবদুল্লাহ আবুর আবেদনের প্রেক্ষিতে গত ৩ অক্টোবর মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের আদেশ দেয় একই আদালত।
সোমবার আদালত নতুন নির্দেশ দিলেও বিষয়টি মঙ্গলবার প্রকাশ পায়। সোমবার শীর্ষসন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের খবর একটি বাংলা দৈনিকে প্রকাশ হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
আসামিদের কে কে জামিন প্রাপ্ত আর কে কে পলাতক তা নিশ্চিত হওয়া যায়নি।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আদেশ দেওয়া যায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৩৫ ঘ.
bdnews24