২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় বোমা ও গুলি উদ্ধার

হরতালের আগের রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলায় হাতে তৈরি দুটি বোমা ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

বাগেরহাট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের আগের রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলায় হাতে তৈরি দুটি বোমা ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বিএনপির সহযোগী সংগঠন ও জামায়াতের স্থানীয় দুই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে ছেড়ে দিয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রাম থেকে বোমা ও পিস্তলের গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য যাদের আটক করা হয়েছিলো তারা হলেন- জাতীয়তাবাদী ওলামা দল শরণখোলা উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মঠেরপাড় আকন্দপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মওলানা আব্দুল ওহাব (৩৭) ও জামায়াতে ইসলামীর খোন্তাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি রাজৈর আলিম মাদ্রাসার প্রভাষক মো. জাকির হোসেন (৪৮)। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। শরণখোলা থানার ওসি কর্মকর্তা মো: আজিজুল হক জানান, রাজৈর গ্রামের আব্দুল বারেক নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়ির জ্বালানি কাঠ রাখার ঘর থেকে ককটেল ও গুলি উদ্ধার করা হয়। ওই বাড়ির দুই ভাড়াটিয়া আব্দুল ওহাব ও মো. জাকির হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। ওসি জানান, নাশকতা মূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে কেউ এই বোমা ও গুলি এনে রেখেছিলো বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.