ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রূপকল্প -২০২১ রূপায়নে গ্রন্থ' শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বই মেলা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্তএ মেলা চলবে।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন।
ঢাকা আন্তর্জাতিক বই মেলা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
জিল্লুর রহমান তার বাণীতে বলেন, " বই অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধন রচনা করে। বই মানুষের পরম বন্ধু। নানা কারণে আজকের তরুণ সমাজ বই বিমুখ। তাদের মধ্যে সুকুমার বৃত্তির চর্চা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে ছোটবেলা থেকেই সৃজনশীল পাঠে অভ্যস্ত করে তুলতে হবে।"
শেখ হাসিনা বলেন, "জ্ঞাননির্ভর আধুুনিক সমাজ গঠনে বই অপরিহার্য। দুর্নীতি ও কুসংস্কারমুক্ত অগ্রসর সমাজ গঠনে প্রতিটি মানুষকে সচেতন ও স্বশিক্ষিত করে তুলতে বইয়ের ভূমিকা অনস্বীকার্য।"
নতুন পাঠক তৈরি, সচেতনতা বৃদ্ধি এবং গ্রন্থ প্রচারে এই বইমেলা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্য দিন দুপুর থেকে হলেও সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে মেলা চলবে। এতে ঢুকতে ৫ টাকার টিকিট কিনতে হবে।
বুধবার বিকাল ৪টায় তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী মেলার উদ্বোধন করবেন। এ বছর ২২৩টি স্টলে ১৫১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ মেলায়।
এ বছর বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট, ইরান কালচারাল সেন্টার এবং বিশ্বব্যাংক অংশ নিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মেলার যে কোনো তথ্য পেতে মেলা মাঠেই তথ্য কেন্দ্র থাকবে।
সংস্কৃতিমন্ত্রী জানান, এ বছর মেলার বাজেট ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচয়পত্র দিয়ে মেলায় বিনা টিকেটে ঢুকতে পারবে। পাঠকদের বই কিনতে উৎসাহিত করতে ২৫ শতাংশ কমিশন দেওয়া হবে। এছাড়াও মেলার নতুন বই সম্পর্কে বিটিভিতে প্রচার চালানো হবে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এ বইমেলা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি রফিক আজাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24