২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হোটেলের এমডি খুন

সিলেট নগরীতে একটি হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 06:09 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সিলেট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে একটি হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর ধোপাদিঘিরপাড় এলাকার হোটেল অনুরাগের একটি কক্ষ থেকে আতিকুর রহমানের (৩০) লাশ উদ্ধার করা হয়। আতিক নগরীর কুমারপাড়া এলাকার খুরশিদ আলীর ছেলে। তিনি ওই হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পুলিশ ও হোটেল কর্মচারীরা জানায়, হোটেলের মালিক খুরশিদ আলীর ছেলে আতিক প্রায় এক বছর আগে এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। এর আগে তিনি যুক্তরাজ্যে ছিলেন। প্রতিদিন বিকাল ৩টার দিকে হোটেল থেকে বাসায় ফিরতেন তিনি। সোমবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বাসায় না যাওয়ায় তার পরিবারের সদস্যরা এসে খোঁজ নেওয়ার পর হোটেলের ৩২২ নম্বর কক্ষের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। হোটেলের মহাব্যবস্থাপক জুয়েল আহমদ জানান, তৃতীয় তলার ৩২২ নম্বর কক্ষ গত ২৩ নভেম্বর শফিক (৩২) নামে আতিকের এক বন্ধু ভাড়া নেন। ওইদিন থেকে আতিক তার কক্ষে গিয়ে প্রায়ই আড্ডা দিতেন। ঘটনাস্থলে থাকা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে শফিক লাপাত্তা। তাই ধারণা করা হচ্ছে, বন্ধুর হাতেই খুন হয়েছেন আতিক। র‌্যাব সদস্যরা হোটেলের নিবন্ধন খাতা, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজসহ কিছু আলামত সংগ্রহ করেছেন। এছাড়া মহাব্যবস্থাপক জুয়েল আহমদ, শিফট ব্যবস্থাপক আলাউদ্দিন, সাহাবউদ্দিন এবং মিজান, ফয়েজ ও সামছুল নামের তিন ওয়ার্ড বয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদের র‌্যাব-৯ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা পুলিশ ও র‌্যাব জানায়, ছবি দেখার পর হোটেলে কর্তব্যরতরা জানিয়েছেন- শফিক প্রায় এক বছর ধরে হোটেলে নিয়মিত আসা-যাওয়া করতেন। হোটেলের নিবন্ধন খাতায় শফিক তার বয়স ৩২, বাবার নাম হাজী রহমত উল্লাহ, বাড়ি- ঢাকার গণকটুলী লেন বলে উল্লেখ করেছেন। এসব তথ্যের সঙ্গে একটি মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়েছে। কোতয়ালি থানর উপ-পরিদর্শক খসরুল আলম বাদল সাংবাদিকদের বলেন, তৃতীয় তলার একটি কক্ষের সোফার সঙ্গে পুরো শরীর রশি দিয়ে বাঁধা। শরীরের কিছু স্পর্শকাতর স্থানেও রশি পেঁচানো রয়েছে। গলায় পরনের গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করার মতো অবস্থায় লাশটি পাওয়া গেছে। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রওশনুজ্জামান বলেন, "দেখে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি ঠাণ্ডা মাথায় হয়েছে এবং সেটি পূর্ব পরিকল্পিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৫৩ ঘ.