সাভার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের আগের রাতে ঢাকার সাভারে একটি ট্যাক্সিক্যাবে আগুন দিয়েছে অজ্ঞাতনামারা।
পুলিশ বলেছে, হরতালের সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে।
সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে ট্যাক্সিক্যাবটিতে আগুন দেওয়া হয়।
বিএনপি সারা দেশে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, রাত আনুমানিক পৌনে ৭টার দিকে ট্যাক্সিক্যাবটি রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছায়। গাড়ির দুই যাত্রী নেমে যাওয়ার পর বিএনপির এক কর্মী বোতলে করে আনা কেরোসিন ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে সাভার ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ক্যাবটি (ঢাকা মেট্রো-প-১৪-৫৩৩০) পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী রাজফুলবাড়িয়া এলাকার লিটন মিয়া সাংবাদিকদের জানান, দুই ব্যক্তি দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে ক্যাবটি আগুনে পুড়ে যায়।
ওসি জানান, ক্যাবচালক রুবেল মিয়া বাদি হয়ে বিএনপির অজ্ঞাতনামা নেতা-কর্মীদের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24