বাগেরহাট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত শংকর কুমার সাহা (৩৮) বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের কেশব লাল সাহার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, কলহের জের ধরে ১৯৯৮ সালের ২৯ জুলাই রাতে শংকর কুমার তার স্ত্রী অপু রাণী সাহাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে গ্রামে প্রচার করেন।
পরদিন বাগেরহাট সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এই ঘটনায় পুলিশ বাগেরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করে।
ওই বছরের ৩০ আগস্ট ঢাকা থেকে ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার করা হয় শংকরকে।
পরে ১২ সেপ্টেম্বর বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান শংকরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24