সিলেট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট শিক্ষক হারুন-উর রশিদ হত্যা মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসার আহমদকে (২৬) তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. আমিরউদ্দিন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মহিদুল ইসলাম কাওসারকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের আবেদন করেন।
মহিদুল ইসলাম জানান, সিআইডি কার্যালয়ে বিকাল থেকে কাওসারকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
সিআইডি জানায়, সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. হারুন উর-রশিদ চলতি বছরের ২১ মার্চ বিকালে কলেজ থেকে বাসায় ফেরার পথে খুন হন।
এ ঘটনায় তার শ্যালক আল-আজিজ চৌধুরী সিলেট কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের প্রায় আট মাস পর র্যাব গত ২৪ অগাস্ট সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা বিশ্বম্ভরপুরের চিনাকান্দি গ্রাম থেকে মামলার প্রধান আসামি কাওসারকে আটক করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার হত্যার কথা স্বীকার করে। পরে তাকে ঢাকায় এনে সংবাদ সম্মেলন করে পরদিন সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করে র্যাব।
এর আগে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয় মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীসহ পাঁচজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৬ ঘ.
bdnews24