২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জেএমবি সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ২২ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

নীলফামারী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ২২ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে। এর মধ্যে ১১ আসামি পলাতক রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে আটকজনকে। নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ আনসার আলী সোমবার এ আদেশ দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে আটজনকে ১৪ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার নূর ই আলম, মামুনুর রশিদ, রংপুর পীরগাছার আব্দুল কুদ্দুস ও ডিমলা উপজেলার হাফিজুল ইসলাম, দক্ষিণ তিতপাড়ার গোলজার হোসেন, জলঢাকা বাজারের অপিয়ার রহমান, পূর্ব বালাগ্রাম আদর্শ পাড়ার মশিয়ার রহমান এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের আব্দুল কাফি ওরফে বকুল। সাতবছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ১১ জনকে। এরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার ডাঙ্গাপাড়ার আমজাদ হোসেন, সাইয়াকুর ইসলাম ও শামিম, গোপালঝাড়ের মাহমুদুল ইসলাম রুবেল, উত্তর কাজিরহাটের মিন্টু, চরভরট গ্রামের আব্দুর রশিদ, তিলাই গ্রামের ছামিরুল ইসলাম, আয়রা মধ্যপাড়ার আরমান আলী, বিরামপুর জোত জয়রাম শাহপাড়ার জাহাঙ্গীর আলম, নবীনগর এলাকার শামিম ও ইসলামপুরের আব্দুল গফুর। এরা সবাই পলাতক রয়েছেন। তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার শাহাজান আলী, নীলফামারীর ডিমলার ছাতনাই বালাপাড়া গ্রামের আবুল কালাম, জলঢাকার সৌলমারী মুন্সিপাড়ার গোলাম মোস্তফা। ২০০৮ সালের ৪ ডিসেম্বর জলঢাকা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল আলম জেএমবি'র এসব সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেন। ওই বছরের বিভিন্ন সময় ১১ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অক্ষয় কুমার রায়। আসামি পক্ষে ছিলেন নুরুল আহসান হেলাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৮ ঘ.